আমাদের কথা

বাঙলা নিছক একটি ভাষা কিংবা ভূখণ্ডমাত্র নয়, সুপ্রাচীন এক সংস্কৃতির নামও বটে। ঐতিহাসিক, রাজনৈতিক ও নৃতাত্ত্বিক পরিচয়ের ব্যাপ্তি ও বৈচিত্র্যের বিচারে বাঙলার রয়েছে বহুবিধ মাত্রা। অথচ এই অনন্যসাধারণ, বিশিষ্ট ও বহুমাত্রিক বাঙলাকে কদাচিত তার প্রকৃত ও পূর্ণ স্বরূপে উপস্থাপন করা হয়ে থাকে। তাই বাঙলাকে তার সামগ্রিকতায় পরিচিত ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা উদ্যোগী হয়েছি বিশদ বাঙলা নামের এই সম্পূর্ণতাবাদী, স্বনির্ভর ও ন্যায়ভিত্তিক সংগঠনটি গড়ে তুলতে। বাঙলার ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা থেকে শুরু করে পোশাক-আশাক, খাদ্যাভ্যাস ও গৃহসজ্জার রুচি তথা সামগ্রিক সংস্কৃতির প্রচার, প্রসার ও প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। শ্রেণি, ধর্ম, বর্ণ, জাতিসত্তা নির্বিশেষে আমরা বাঙলার সকল জনগোষ্ঠীর সৃজনশীলতা ও জীবনচর্যাকে ধারণ করতে চাই আমাদের এই বিস্তৃত পাটাতনে। তবে, কোনো অবস্থাতেই সংকীর্ণ জাতীয়তাবাদী ধ্যান-ধারণায় বিশ্বাসী নয় বিশদ বাঙলা। বিশ্বসভ্যতার সমস্ত শুভ, সুন্দর, অগ্রসর ও জনকল্যাণমুখী চিন্তা-চর্চার সঙ্গে বাঙলার সমৃদ্ধ ঐতিহ্যের সেতুবন্ধন নির্মাণই আমাদের ব্রত।